এমন দিনগুলোতেই কি অসম্ভব রকম ভালো লাগা নিয়ে বেরোতাম প্রভাত ফেরীর জন্য, গিয়ে দেখতাম আমি সব বারের মতো এবারও লেট! কিংবা দেখতাম ফুলের ডালা এখনো এসে পৌঁছায়নি।
আজ অনেকদিন পর কলেজ জীবনের কথা মনে পড়ছে, হাজার হাজার মানুষের স্রোত, কোটি কোটি ফুলের বন্যা। সবাইকে নিয়ে ধৈর্য্যের পরিক্ষা দিতে দিতে যখন পৌঁছাতাম শহীদ মিনারের দোরগোড়ায়, ডালাটা অন্যের হাতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ফুল দেওয়া দেখতে পছন্দ করতাম।
আজো হাজার মানুষের ঢল নামে শহীদ মিনারের উদ্দ্যেশে, কোটি ফুলে বন্যা হয়, একুশ শব্দটার জোয়ার নামে সবার মুখে কিন্তু আমি এক সাধারণ মানুষ শুধু হাহাকার করি আমার ভিতরে, এই বিশাল মূহুর্তটার জন্য।
পৃথিবীতে আর এমন কোন দেশ নেই, যেখানে নিজের ভাষার জন্য এত আয়োজন আর এত ভালোবাসা রয়েছে। কি গর্বের কথা।
ভয় হয় আমরা এই গর্বটাকে যেনো লজ্জায় পরিণত না করি। আমরা বছরের বাকি সবদিন ভুলে যাই এই ভাষাটার কথা।
ভুলে গেলে চলবে না, পৃথিবীতে আর কোন জাতি নেই, আমরা ছাড়া, যারা তাদের নিজেদের ভাষার প্রতি এত উদাসীন।
